Published : 28 Jul 2025, 05:41 PM
নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে হওয়া শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোশারফ হোসেন প্রধান মানিককে আদালতে হাজির করে পুলিশ। এ সময় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
মামলার মূল নথি অন্য আসামির শুনানির জন্য জেলা জজ আদালতে মূলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানি রেখে আসামি মোশারফ হোসেন প্রধান মানিককে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রোববার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বসুন্ধরা এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মানিক।