নেত্রকোণায় শিশুরা আঁকল মুক্তিযুদ্ধের নানা ছবি
সোমবার বিজয় দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
নেত্রকোণায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুরা মুক্তিযুদ্ধের ছবি এঁকেছে।
রোববার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে একাডেমির মিলনায়তনে এই ছবি আঁকার আসর বসে।
জেলা শিশু কর্মকর্তা মো. মেহেদী জামান বলেন, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। তারা তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের সময়ে হানাদারদের নির্যাতন, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, বীরত্বগাঁথা, জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ ছবিতে ফুটিয়ে তুলেছে।
পরে আঁকা ছবির মধ্য থেকে তিন সদস্যের বিচারকমণ্ডলীর মাধ্যমে দুই বিভাগে সেরা ছবি বাছাই করা হয়। সোমবার বিজয় দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আঁকিয়ে ফারহানা আক্তার বলে, “আমি মুক্তিযুদ্ধের হানাদারদের নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ নিয়ে ছবি এঁকেছি। ছবিতে জলরং ব্যবহার করেছি। ছবি আঁকার সময়ে আমার কাছে মনে হয়েছিল আমি মুক্তিযুদ্ধের ওই সময়টাতে রয়েছি। আমার চিন্তার জগতে ওই সময়টা ঘুরপাক করছিল।”
ছবি আঁকাতে অংশ নেয় শহরের মোক্তারপাড়ার শফিকুর রহমান খান। সে বলে, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশের পতাকা পেয়েছি। আমি জাতীয় পতাকা এঁকেছি।”
জাতীয় স্মৃতিসৌধ এঁকেছে নাসরিন আক্তার। সে বলে, “শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় স্মৃতিসৌধ এঁকেছি। আমাদের আঁকা ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের যে স্মৃতি, চেতনার বার্তা তা আমাদের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই চাই।”
