১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে নদীতে আটক কুমিরটির ঠাঁই হল গাজীপুর সাফারি পার্কে

পদ্মার শাখা নদীতে ফাঁদ পেতে কুমিরটি আটক করেন স্থানীয় কয়েক যুবক।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মানিকগঞ্জে পদ্মার শাখা নদীতে ফাঁদ পেতে আটক কুমিরটি বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে; যেটি গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।

শনিবার দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয় বলে জানান হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী।

বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বাসিন্দারা নদীতে কুমিরটি দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক নদীতে ফাঁদ পেতে কুমিরটি আটক করেন।

দুপুরে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে কুমিরটি হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে পদ্মার শাখা নদীর হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকুণ্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি একাধিকবার দেখা যায়। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে নদীতে নামাও বন্ধ করে দেন।

স্থানীয়দের ফাঁদে ধরা পড়ল পদ্মার শাখা নদীর সেই কুমির

কুমিরটি গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে জানান বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ দপ্তরের কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস।