২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 03:34 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

বরিশালের গৌরনদী উপজেলায় দশ দিন আগে নিখোঁজ এক মেয়ে শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।

মৃত তাসলিমা আক্তার মাহি (১০) ওই গ্রামের বাসিন্দা দিনমজুর সবুজ সরদারের মেয়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল সে।  

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ওসি ইউনুস বলেন, “মাহির মা নেই; বাবা দিনমজুরি করে। গত ১৪ ডিসেম্বর বাড়ির পাশে একটি বিয়ে বাড়িতে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। মেয়েকে না পেয়ে পরে ১৬ ডিসেম্বর থানায় একটি জিডি করেন বাবা।  

“সকালে গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার তাদের বাড়ির পাশের পুকুরে মাহির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।”

ওসি বলেন, “লাশটি পঁচন ধরেছে। জিহবা ও একটি চোখ বের হয়ে গিয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”

শিশুটির বাবা সবুজ সরদার সাংবাদিকদের বলেন, বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মেয়ে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় হত্যা মামলা করবেন তারা।