২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ভ্যানচালককে মারধরের অভিযোগে মহিলা দল নেত্রীর বিরুদ্ধে মামলা

এ ঘটনায় ওই প্যানেল চেয়ারম্যানকে নোটিস করা হয়েছে, বলেন ইউএনও।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 10:47 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

মেহেরপুরের গাংনীতে টিসিবির পণ্য নিতে জমা দেওয়া কার্ড আটকে রেখে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় মারধারের অভিযোগে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার উপজেলার জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার রেজাউল হকের ছেলে ভ্যানচালক আহত আরিফ হোসেন মামলাটি করেন বলে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান।

তিনি বলেন, ভ্যানচালক আরিফের মামলার তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

আরিফ হোসেন বলেন, তিনি টিসিবি পণ্য নিতে কার্ড জমা দেন। পরে পণ্য নিয়ে কার্ড ফেরত চাইলে হিজলবাড়িয়া গ্রামের জাফিরুল ও মোস্তফা তার কাছে টাকা দাবি করেন। 

টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা আরিফকে গালিগালাজ শুরু করেন। 

প্রতিবাদ করলে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আসমা তারার নির্দেশে মোস্তফা তাকে মারধর করেন। জাফিরুল অফিসে ঢুকিয়ে জিআই পাইপ নিয়ে মাথায় আঘাত করেন। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। 

ভ্যানচালক আরো বলেন, “থানায় মামলা করতে যাওয়ার সময় জোড়পুকুর বাজারে মহিলা দলের নেত্রী আসমা তারা বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য চাপ দেন।”

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান আসমা তারাকে নোটিস করা হয়েছে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”