পঞ্চগড়ে ‘ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে’ শিশুর মৃত্যু
তার খালা ওই ক্লিনিকে সন্তান জন্মদান করায় শিশুটি মায়ের সঙ্গে সেখানে যায়।
পঞ্চগড়ে একটি ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে জেলা শহরের প্রাইম প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান।
৫ বছর বয়সি নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবার জানায়, ওই ক্লিনিকে রোববার সোলায়মানের খালার অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। সোমবার মায়ের সঙ্গে ক্লিনিকের যায় সোলায়মান।
এক পর্যায়ে সে একা একা সবার অগোচরে চলে যায়। পরে খোঁজাখুঁজি করে ক্লিনিকের নিচে মাথা ও শরীরে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় এক অপমৃত্যুর মামলা হয়েছে।”
