সিলেটে তিন যানের সংঘর্ষে তরুণ নিহত, আহত ৫
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। এতে প্রাইভেট কার ও অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন।
সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এক তরুণ নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার লালাবাজারের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত রুহিন আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা গেদা মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, “সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। এতে প্রাইভেট কার ও অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ওসি বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত তরুণের মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।”
