Published : 07 Dec 2025, 02:41 PM
বগুড়া শহরে একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামিলনগর আবাসিক এলাকার ভাড়া বাসার দরজা ভেঙে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজার রহমান জানান।
মৃত ৪৩ বছর বয়সী সাবিকুন নাহার চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দালপাড়া গ্রামের গোলাম সবানীর মেয়ে। তিনি প্রায় নয় মাস আগে জামিলনগরে শাজাহান মিয়ার বাড়িতে ভাড়া উঠেন।
বাড়ির মালিক শাজাহান মিয়া বলেন, “বিকালের পর থেকে সাবিকুন নাহার ফোন ধরছিলেন না। রাতে বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়।
“পরে জানালা দিয়ে তাকিয়ে দেখি, বিছানায় তার নিথর দেহ পড়ে আছে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।”
তিনি বলেন, “প্রায় নয় মাস আগে সাবিকুন এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। ওই ব্যক্তির বাড়ি শাজাহানপুরের রানীরহাট এলাকায় বলে জানিয়েছিলেন। তবে তার নাম জানা নেই।
“সপ্তাহখানেক আগে তাদের তালাক হয়েছে বলে সাবিকুন আমাকে জানিয়েছিলেন। তার মৃত্যু সংবাদ দিতে ফোন করলে ওই ব্যক্তি কোনো কথা না বলেই ফোন কেটে দেন।”
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মাস্ক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মরদেহটি বিছানায় পড়ে ছিল। বিছানায় দুই প্যাকেট খাবার ও কিছু ওষুধ ছড়িয়ে ছিল। ঘর ছিল গোছানো; এলোমেলো বা ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজার রহমান বলেন, “ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিছানা থেকে ডায়াবেটিসের ওষুধ পাওয়া গেছে।
“কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।