পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে ঠেলে দিল বিএসএফ
শিংরোড সীমান্ত দিয়ে সাতজন এবং দাঁড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ১৭ জনকে ‘পুশ ইন’ করা হয় বলে জানায় বিজিবি।
পঞ্চগড় জেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বুধবার মধ্যরাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত এবং বোদার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাঁড়িয়ার মোড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান পঞ্চগড়-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
বৃহস্পতিবার দুপুরে আটকদের মধ্যে সাতজনকে পঞ্চগড় সদর থানায় এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বোদা উপজেলা সীমান্তে আটকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আমতলি এলাকার তোতো মেম্বারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), ছেলে জিয়া (২৬), হিরা মিয়া (২০), জিয়ার স্ত্রী নাজমা বেগম (২১), তাদের ১০ বছরের এক মেয়ে ও দুই বছরের এক ছেলে, একই এলাকার মোসলেম তালুকদারের ছেলে দ্বীন ইসলাম (৫০), তার স্ত্রী শিউলী বেগম (৪৩), তাদের ছেলে আল আমিন (২৮), ১০ বছরের এক ছেলে, ১৭ বছর ও ছয় বছরের দুই মেয়ে, একই এলাকার আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৭), তার স্ত্রী হনুফা আক্তার (৩৪), একই এলাকার মাহমুদের স্ত্রী হোসনে আরা বেগম (৪০) ও ছয় বছরের এক ছেলে।
সদর উপজেলা সীমান্তে আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার মাদব পাশা এলাকার প্রয়াত খাজা মোল্লার স্ত্রী আফসানা খাতুন (৪০), তার ছেলে রমজান মোল্লা (২৫), ১৩ ও ৫ বছরের দুই মেয়ে, রমজান মোল্লার স্ত্রী মাসুরা মোল্লা (২২), তাদের দুই বছরের এক মেয়ে এবং একই এলাকার প্রয়াত আব্দুল্লাহর ছেলে আমির হোসেন।
লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলে, বিএসএফ ‘পুশ ইন’ করার পরপর অভিযান চালিয়ে ওই ২৪ জনকে আটক করে বিজিবির টহল দল।
বিজিবি জানায়, রাতের আধারে বোদার দাঁড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ছয় নারী, পাঁচ শিশু ও ছয়জন পুরুষসহ ১৭ জনকে ‘পুশ ইন’ করে বিএসএফ। স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাদের ঘোরাঘুরি করতে দেখে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় হস্তান্তর করে বিজিবি।
অন্যদিকে একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে দুই নারী ও দুই শিশু সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান এবং বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, সীমান্তে ‘পুশ ইন’ হওয়া ২৪ জনকে জিডি মূলে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম-ঠিকানা যাচাই করা করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
