১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে গরু ‘পাচারকারীদের’ সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল দোকান কর্মীর

সংঘর্ষের মাঝে পড়ে নির্মাণসামগ্রী দোকানের ওই কর্মচারী মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।

কক্সবাজারে গরু ‘পাচারকারীদের’ সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল দোকান কর্মীর

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 12:46 AM

Updated : 09 Apr 2023, 01:58 AM

কক্সবাজারের রামুতে গরু ‘পাচারকারীদের’ সঙ্গে বিজিবির সংঘর্ষের সময় এক দোকান কর্মচারী নিহত এবং তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামে এ ঘটনা ঘটে বলে রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান।

নিহত ৪০ বছর বয়সী আব্দুর জব্বার ওই গ্রামের প্রয়াত জাকের আহমদের ছেলে। তিনি স্থানীয় একটি নির্মাণ সামগ্রীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিদর্শক অরূপ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় গরু পাচারকারীদের সঙ্গে বিজিবি সদস্যদের সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পায়। পরে থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

“ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।“

কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, “মিয়ানমার থেকে চোরাই পথে আনা ৫-৬টি গরু জব্দ করে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। পাচারকারীরা গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।“

সংঘর্ষের মাঝে পড়ে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের এক কর্মচারী ঘটনাস্থলেই মারা যান বলে তিনি জানান।

এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।