বরিশালের পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবি
বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
ট্রলারের লোকজন সাঁতরে তীরে উঠেছেন, যাদের একজন সামান্য আহত হয়েছেন বলে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানিয়েছেন।
আহত ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বরিশাল শহর এলাকার কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে যাচ্ছিল ট্রলারটি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীতমুখী বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।
“ট্রলারে দুইজন লোক ছিল। তারা সাঁতরে তীরে উঠেছেন। তাদের একজন সামান্য আহত হয়েছেন।”
আহত ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
আহত ব্যক্তির নাম রিপন বলে জানালেও বিস্তারিত বলতে পারেনি পুলিশ। ট্রলারটি সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছিল তাও বলতে পারেনি পুলিশ।
