নেত্রকোণায় মণ্ডপে যাওয়ার পথে নৌকাডুবি, পিসি-ভাইপোর মৃত্যু
এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতু ও অমিত ডুবে যায়।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শারদীয় দুর্গা পূজায় অঞ্জলি দিতে মণ্ডপে যাওয়ার পথে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার মহাঅষ্টমীর সকালে উপজেলার হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান।
নিহতরা হলেন- হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছরের মেয়ে ঋতু তালুকদার এবং তার ভাই বিপ্লব তালুকদারের ছেলে সাত বছরের অমিত তালুকদার।
অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাতে কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, ঋতুসহ ছয়জন একটি নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়ায় পূজা মণ্ডপে অঞ্জলি দিতে যাচ্ছিল। পথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতু ও অমিত ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
