রমজানে লক্ষ্মীপুরে ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি
খুচরা বাজারের চেয়ে প্রতিটি পণ্য কেজিতে ১০-৪০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
রমজানে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে ছাত্রদল। পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
রোববার দুপুরে পৌর শহরের ট্রাফিক চত্বরে এ ন্যায্যমূল্যের অস্থায়ী দোকানের উদ্বোধন করা হয়। এ সময় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্যসচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান উপস্থিত ছিলেন।
দোকানে গিয়ে দেখা গেছে, টমেটো কেজি ৩৫ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, লেবু ৩০ টাকা, আলু ২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অথচ খুচরা বাজারে প্রতিটি পণ্যে কেজিতেই ১০-৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
দেনায়েতপুর এলাকার সবজি ক্রেতা ফারুক মিজি বলেন, “ছাত্রদলের উদ্যোগটি প্রশংসনীয়। তাদের কাছ থেকে বাজার থেকেও কম দামে সবজি কিনেছি। প্রতিটি সবজি কেজিতে ১০-৩০ টাকা কম। এ ধরণের উদ্যোগ নিয়মিত হল সাধারণ মানুষের উপকৃত হবে।”
পুরো রমজানে এ কার্যক্রম চলবে জানিয়ে উদ্যোক্তা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্মআয়ের মানুষ বিপাকে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
