চিংড়িতে জেলি, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
উচালিয়াপাড়া মোড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান ইউএনও মোশাররফ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি মিশিয়ে প্রতারণার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে শহরের উচালিয়াপাড়া মোড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।
তিনি জানান, আগে থেকেই অভিযোগ ছিল, উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে। এরপর বাজারের চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, মাছের ভেতরে প্রচুর জেলি জাতীয় পদার্থ মেশানো হয়েছে। এসব জেলি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয়কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে ইউএনও জানান।
