দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, নিহত ২
হেরিটেজ ট্রাভেলসের বাসটি পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল।
দিনাজপুরের বিরামপুরে সড়কে একটি বাস দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকে ধাক্কা দিয়েছে। এতে দুই জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
রোববার ভোর ৫টায় বিরামপুর-ঘোড়াঘাট সড়কের চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই আমির হুসাইন।
নিহতদের একজনের নাম মোশারফ হোসেন বাবু, তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এসআই আমির বলেন- হেরিটেজ ট্রাভেলসের বাসটি পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের চন্ডিপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাককে সামনা সামনি ধাক্কা দেয়।
এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমিড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার ও একজন যাত্রী নিহত হন।
এসআই আমির আরও বলেন, আহতদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
