গাজীপুরে সড়কে ঝরল শিক্ষকসহ ২ জনের প্রাণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাম্প ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
গাজীপুরে আলাদা সড়কে স্কুল শিক্ষিকাসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলার চরমার্তা এলাকায় স্কুল শিক্ষিকা এবং মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় একজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহত সিদ্দিকা বেগম (৪৮) কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
অপর নিহত হারুন অর রশিদ (৪৫) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর হারিকেন এলাকায় রত্না বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে সিদ্দিকা বেগম তার স্বামীর মোটরসাইকেলে করে স্কুল যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সিদ্দিকা বেগমকে মৃত ঘোষণা করেন। সিদ্দিকার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সকালে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি হারুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় ডাম্প ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে; চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
