২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

ঢাকাগামী একটি বাসের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:39 PM

Updated : 28 Sep 2026, 08:39 PM

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল অরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. আবুল বাশার।

নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুস্তাকিম।

নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার বলেন, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাস চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই আবুল বাশার বলেন, “তিনজনের লাশ পেয়েছি। বাস জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”