হত্যা মামলা: আসামি সাবেক প্রতিমন্ত্রী এনামুর-মেয়র-উপজেলা চেয়ারম্যান
মামলায় প্রতিমন্ত্রী-মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ৩২১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসমি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ ৮২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে গুলিতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর।
মামলায় ৩২১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে সাভার মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান জানান।
আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ছাড়াও পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নাম আছে।
এ ছাড়া আসামি করা হয়েছে সাভারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরদের।
মামলার এজাহার বলা হয়েছে, গত ৫ অগাস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাজ্জাদ হোসেন প্রয়োজনীয় কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান।
বিকাল ৪টার দিকে লোকদের মাধ্যমে তার বাবা জানতে পারেন, গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, ওইদিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এক থেকে দেড় হাজার আন্দোলনকারী সাভার রানা প্লাজার সামনে অবস্থান করছিল। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তখন সাজ্জাদসহ অনেকেই দৌড়ে পালানোর সময় আসামিরা তাদের ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট ও গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ সাজ্জাদকে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।
নিহত সাজ্জাদ হোসেন (২৯) সাভারের আউখপাড়া এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি সোনারগাঁও ইউনিভাসিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
