২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নাতির মৃত্যু, নানি হাসপাতালে

শেরপুরে ট্রাকের চাপায় আহত বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 12:16 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

শেরপুরের নকলা উপজেলায় রাস্তা পারাপারের সময় পণ্যবাহী ট্রাকের চাপায় দুই বছরের এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের বৃদ্ধা নানি।

মঙ্গলবার বিকালে উপজেলার ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নকলা থানার ওসি হাবিবুর রহমান।

নিহত তাসলিম ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে। আহত নানি সিন্দুরী বেগম (৬০) ওই এলাকার প্রয়াত কফিল উদ্দিনের স্ত্রী। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি হাবিবুর রহমান জানান, বিকাল সোয়া ৪টার দিকে সিন্দুরী বেগম নাতি তাসলিমকে নিয়ে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তাসলিম ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা গুরুতর আহত সিন্দুরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

পুলিশ জানায়, ঘটনার পর পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।