১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

“পথে জোনাকি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে শাহী পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়।”

লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনার মা-ছেলে নিহতের ঘটনায় বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 12:02 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে ব্যাটারিচালিত রিকশায় হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ হারিয়েছেন মা-ছেলে। আহত হয়েছেন নিহত নারীর স্বামীসহ আরও তিনজন। 

শুক্রবার রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ডিউটি অফিসার এএসআই মুজাহিদুল ইসলাম। 

নিহতরা হলেন, জুথী আক্তার (২০) ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম।  জুথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফ হোসেনের স্ত্রী। 

আহতরা হলেন, শরীফ হোসেন, তার ভাগিনা রাজা মিয়া ও ব্যাটারিচালিত রিকশার চালক। তবে চালকের নাম জানা যায়নি। 

নিহত জুথীর বাবা রহমত উল্যা বলেন, শুক্রবার জুথীর বুকে ব্যথা উঠলে অটোরিকশায় তাকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। সঙ্গে ছিল তার স্বামী, ছেলে ও ভাগিনা। 

“পথে জোনাকি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে শাহী পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার সবাই আহত হয়।”

তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক জুথীকে মৃত ঘোষণা করেন। অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে মারা যায় শিশু সিয়াম।

তিনি আরও বলেন, “আমার মেয়ে ও নাতির মরদেহ আমার বাড়িতে নিয়ে এসেছি।”

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনা পর পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন হাসপাতাল আনার আগেই মারা গেছেন। অন্যদেরকে ঢাকা পাঠানো হয়।

সদর মডেল থানার এএসআই মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে।