অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট: উপদেষ্টা
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
চলতি বছরের অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের উড়ান শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
তিনি বলেছেন, “একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।”
বৃহস্পতিবার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছেন এবং প্রায় এক ঘণ্টা বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এরপর তিনি নির্মাণাধীন আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল, আগমন লাউঞ্জ, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত অভিবাসন এলাকা ও অন্যান্য এলাকা ঘুরে দেখেন। পরে তিনি সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশি পর্যটকদের। বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে। কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে।”
কক্সবাজার যেহেতু মাদক চোরাচালানের জন্য আলোচিত, সেক্ষেত্রে আন্তর্জাতিক মানের ফ্লাইট চালু হলে তার ঝুঁকি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত দিনগুলোতে মাদক চোরাচালান রোধে নিরাপত্তা আগে যেমন ছিল, আন্তর্জাতিক মানের বিমান চলাচল শুরু হলে ঠিক তেমনি নিরাপত্তা জোরদার থাকবে।”
এ সময় বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসরত ব্যক্তি এবং সাধারণ জনগণকে চলমান উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।
উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক ইউনূছ ভূঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসান।
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের ভেতরে এই রানওয়ের একটি অংশ নির্মাণ করা হয়েছে।
