২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের ২ আরোহীর মৃত্যু

এ ঘটনায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের দুই আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।

সোমবার বিকাল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মনসুর রহমান।

নিহতরা হলেন- সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭) এবং একই এলাকার এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)।

আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি মনসুর রহমান জানান, প্রাইভেট কারে করে ওই চারজন সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সাগর ও জিহান মারা যান। স্থানীয়রা প্রাইভেট কারের অপর দুই আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।