নোয়াখালীতে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার
এ ঘটনায় গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় কোচিংয়ে যাওয়ার পথে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই যুবককে নোয়াখালীর মুখ্য বিচারিক হামিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
ঘটনার ১০ দিন পর সোমবার বিকালে উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রী ও যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার আবুল হোসেন হৃদয় (২৪) উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় কিশোর চক্রের সক্রিয় সদস্য বলে ভাষ্য র্যাবের।
র্যাব জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতো হৃদয়। ৭ ফেব্রুয়ারি বিকালে মায়ের সঙ্গে ওই কিশোরী কোচিংয়ে যাচ্ছিল। পথে হৃদয় ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে করে এসে ওই কিশোরীর মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আদালতে মামলার আবেদন করেন। পরে আদালতের আদেশে ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়।
সোমবার বিকালে অভিযান চালিয়ে আসামি ও অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করে র্যাব।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।
এ ছাড়া আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
