২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

এ ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।

মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক।

নিহতরা হলো- মাদবর কান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাদল সরকারের ছেলে ইমন হোসেন (৫) এবং একই এলাকার শাহ-আলম বেপারির ছেলে তাউহিদ ইসলাম (৫)। 

আহত জান্নাতকে (৩) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা সবার অজান্তে আশ্রয়ণ প্রকল্পের পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে একজনের লাশ দেখতে পায়।

পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। তবে জান্নাতকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি ওবায়দুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।