২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অপহরণের ৪ দিন পর মাদ্রাসা ছাত্র উদ্ধার

ছেলেটিকে আটকে রেখে ফোনে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা, বলছে র‌্যাব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

পাবনার চাটমোহর উপজেলায় অপহরণের চার দিন পর মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র‍্যাব। 

রোববার সকালে পাবনা র‍্যাব কার্যালয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ এলাকা থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীরা পালিয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ৩০ অক্টোবর চাটমোহর উপজেলার চড়াইকোল এলাকার আকমল হোসেনের ছেলে রমজান আলী (১৩) আটঘরিয়ার তার নানার বাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। 

ওইদিন রাতে রমজানের মায়ের কাছে ফোন কলে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেন। 

এর পরদিন ছেলেটির মা ময়না খাতুন চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দেন। শনিবার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ এলাকা থেকে রমজানকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, অভিযানের বিষয়টি বুঝতে পেরে অপহরণকারীরা পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে র‍্যাব কাজ করছে।