Published : 03 Feb 2026, 02:47 PM
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর প্রাণ গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ষোলঘর এলাকার কেয়টখালীতে এই দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হক জানান।
নিহতরা হলেন- মো. আরিফ (৪০) ও মামুন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের কেয়টখালীতে ঢাকামুখী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাইক আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
লাশ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হক বলেন, “নিহত আরিফ ঢাকার মুগদার বাসিন্দা ও মামুনের বাড়ি ফরিদপুরে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কেয়টখালীতে এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।