২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘চাঁদা না পেয়ে’ স্কেভেটরে অগ্নিসংযোগ, আটক ২

স্কেভেটরটি পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 09:29 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ফেনী সদর উপজেলায় ‘দাবি করা চাঁদা না পেয়ে’ মধ্যরাতে ঠিকাদারের একটি স্কেভেটরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর-বটতলি-আর বি হাট সড়কের গুদাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

আটকরা হলেন- ওই এলাকার কামরুল এবং আবদুর রহিম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফাজিলপুর-বটতলি-আর বি হাট সড়ক উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ২৩ কোটি টাকার একটি কাজ পান ঠিকাদার নুর নবী ওরফে হাড্ডি নবী। কাজটি ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক রিপন দেখভাল করছিলেন বলে এলাকায় প্রচার ছিল।

তবে ৫ অগাস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। পরে ঠিকাদার নবীর লাইসেন্সে বর্তমানে কাজটি করছেন আরেক ঠিকাদার আমজাদ হোসেন রানা। রানা চট্টগ্রামে বসবাস করলেও তার বাড়ি ফাজিলপুর। 

ঠিকাদার আমজাদ হোসেন রানা বলেন, “সম্প্রতি রাস্তার কাজ চলাকালে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে চাঁদার জন্য একজন মোবাইলে আমাকে হুমকি দেন।

“রাতে সড়ক সংস্কারের জন্য মুজিবিয়া মাদরাসার সামনে রাখা স্কেভেটরে আগুন দেওয়া হয়। এতে ৫০ লাখ টাকার স্কেভেটরটি সম্পূর্ণ পুড়ে যায়।”

তিনি বলেন, ঘটনার পর জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। পুড়ে যাওয়ায় স্কেভেটরটি তিনি জাপান থেকে আমদানি করেছেন। এ ঘটনায় মামলা করা হবে।

ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, স্কেভেটরে আগুনের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সকালে দুইজনকে আটক করা হয়েছে।