২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ‘আরসা’র পাঁচ সদস্য গ্রেপ্তার

র‌্যাব জানায়, উপস্থিতি টের পেয়ে ‘আরসা সন্ত্রাসীরা’ র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 09:51 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলিসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- আরসা’র সদস্য বলছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এদিন ভোরে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মোছারখোলা পাহাড়ি এলাকায় অভিযান তাদের আটক করা হয়। যাদের একজন বাংলাদেশি নাগরিক। 

আটকরা হলেন- উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), একই ক্যাম্পের এইচ-৭ ব্লকের আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), এইচ-১২ ব্লকের মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), এইচ-৫ ব্লকের মো. বাশারের ছেলে মো. আইয়ুব (২২) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২৫ ব্লকে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (২০)।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বেড়ে যাওয়ায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড হচ্ছে। এ জন্য র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করা হয়। 

“বৃহস্পতিবার ভোরে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় আরসার সদস্যরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করার খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।”

“তখন উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আরসা’র পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটকদের আস্তানায় তল্লাশি করে দেশীয় তৈরি ছয়টি বন্দুক ও নয়টি গুলি পাওয়ার কথা দাবি করে র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, “জিজ্ঞাসাবাদে আটকরা সবাই আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক আবুল হোসেন আরসার সহযোগী হিসেবে কাজ করত। তারা খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত।“

তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন।