২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল কৃষক-শিক্ষার্থী ও ভ্যানচালকের

সদর, কোম্পানিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

সিলেটের সদর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেকজন। 

রোববার সকালে এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানান, সকালে সদর উপজেলায় খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামে মাছ ধরতে গিয়ে এক ভ্যানগাড়ি চালক বজ্রপাতে নিহত হয়েছেন।

নিহত আনসার আলী (৬২) ওই গ্রামের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তি হলেন- ওই গ্রামের কনু মিয়ার ছেলে মাসুক আহমেদ (৫২)।

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, সকালে বজ্রপাতে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

নিহত রেদওয়ান আহমদ (২২) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে এবং তিনি সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

বজ্রপাতে রেদওয়ানের তার ছোট ভাই সুফিয়ান আহমদ আহত হয়েছেন।