গাজীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে।
আদালতের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত তৈরি পোশাক শ্রমিক মো. মাহফুজের ভাই আপেল মাহমুদ সোমবার মামলাটি করেন বলে কালিয়াকৈর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল হক জানান।
তিনি বলেন, ৩০ মে গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে মামলাটি করা হয়েছে।
এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীকেও আসামি করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মাহফুজের পরিবারের দাবি, তিনি ইন্টার সফট লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। ৫ অগাস্ট বিকালে কাজ শেষে তিনি সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। এ সময় মিছিলে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
মাহফুজ (৩৫) বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে।
ওই মিছিলে গুলিতে নিহত নিরাপত্তা কর্মী রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগমও আরেকটি হত্যা মামলা করেছেন। তিনিও আদালতের নির্দেশে মামলাটি করেছেন।
রোস্তম মিয়া (৪৬) নেত্রকোণার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের বাসিন্দা।
সেই মামলায় প্রধান আসামি করা হয়েছে আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন।
মামলায় ৩১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক বলেন, আদালতের নির্দেশে দুটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
