১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে যুবককে গুলি, প্রতিবাদে রুমায় যান চলাচল বন্ধ, বিক্ষোভ

রুমার সচেতন এলাকাবাসীর ব্যানারে করা মিছিল শেষে দাবি পূরণ না হলে বুধবারও বাজারে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

বান্দরবানে যুবককে গুলি, প্রতিবাদে রুমায় যান চলাচল বন্ধ, বিক্ষোভ

যুবক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে রুমা বাজারে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 01:32 PM

Updated : 13 Feb 2024, 01:58 PM

বান্দরবানের রুমা উপজেলায় এক যুবক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে রুমা বাজারে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ চাঁদা না দেওয়ায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের সদস্যরা এই গুলির ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রুমা সদর ইউনিয়নের ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে বলে যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বলে জানান রুমা থানার ওসি মো. শাহজাহান।

আহত উহ্লা চিং মারমা (৩৫) রিজুক পাড়ার বাসিন্দা মৃত মোনাক মারমার ছেলে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, ভোরে উহ্লাচিং বাড়ির পাশের জঙ্গলে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাত সন্ত্রাসীকে দেখতে পান। তাদের দেখে ভয়ে পালিয়ে আসার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি তার শরীরের পেছন দিকে বিদ্ধ হয়।

Image

আহত উহ্লা চিং মারমা।

এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে রুমা বাজারমুখি সড়কগুলির যান চলাচল বন্ধ দেন স্থানীয়রা। পরে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বেলা ১২টার দিকে বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।

রুমার সচেতন এলাকাবাসীর ব্যানারে করা এ মিছিল শেষে দাবি পূরণ না হলে বুধবারও বাজারে বিক্ষোভের ঘোষণা দেন তারা।

পরে বেলা সোয়া একটার দিকে তারা অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা বলেন, এলাকাবাসী জানিয়েছেন কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় কেএনএফ সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তারা।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল সাংবাদিকদের বলেন, “সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ এক যুবককে ভর্তি করানো হয়েছিল। গুলিটি শরীরে ঢোকার চিহ্ন থাকলেও বের হওয়ার কোনো চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে।”

উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পরে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক এস এম আসাদুল্লাহ জানান, আঘাত গুরুতর হওয়ায় যুবকের বড় ধরনের অপারেশন করতে হবে। তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, আহত যু্বককে কেএনএফ সদস্যরা গুলি করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।