২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চার কেজি সোনা জব্দ, ২ ‘পাচারকারী’ গ্রেপ্তার

উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৮০ লাখ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চারটি সোনার বারসহ দুই ‘পাচারকারী’কে গ্রেপ্তার  করেছে ডিবি। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা কাঁচা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ জানান। 

গ্রেপ্তাররা হলেন- দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ইস্রাফিল আলী (৪০) ও একই গ্রামের রেজাউল হক (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিম বলেন, গোপন খবরের ভিত্তিতে দর্শনার কাঁচা বাজার এলাকায় অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে দুপুরের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। 

“এ সময় তাদের আটক করে দেহ তল্লাশি করে কোমড়ে বিশেষভাবে লুকানো অবস্থায় চারটি ঢালাই সোনার বার উদ্ধার করা হয়।”

তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার ওজন চার কেজি ২৫ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৮০ লাখ টাকা। 

সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেয়া হবে; এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।