Published : 17 Jan 2026, 05:45 PM
কুষ্টিয়ায় পৌর এলাকায় বাড়ির সামনে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ‘চোর সন্দেহে’ প্রতিবেশীরা তাকে মারধর করে রাস্তায় ফেলে গিয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে পৌর শহরের চর থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
নিহত মনিরুল (৪৫) স্থানীয় বাসিন্দা আশরাফ মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ঘরের বাইরে গিয়েছিলেন মনিরুল। এর কিছুক্ষণ পর বাসার গেটের বাইরে শব্দ শুনতে পান তারা।
পরে গেটের সামনে মনিরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মনিরা খাতুনের অভিযোগ, কয়েকদিন ধরেই কয়েকজন প্রতিবেশী মনিরুলকে মারধর করার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায়ও তারা বাড়ির উপর এসে হুমকি দিয়ে যায় যে- ‘মনিরুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও, নাহলে ওকে এলাকার লোকজন মেরে ফেলবে।’
“এরাই আমার স্বামীকে মেরে বাসার সামনে লাশ ফেলে গেছে। সঠিক তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। আমার স্বামী নেশা করতো এটা ঠিক, কিন্তু ও কখনই চুরি করতে পারে না। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।”
ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, এক রিকশা চালকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।