১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে হকার উচ্ছেদ ও যানজটমুক্ত শহরের দাবি ব্যবসায়ীদের

২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

ফরিদপুরে হকার উচ্ছেদ ও যানজটমুক্ত শহরের দাবি ব্যবসায়ীদের
ব্যবসায়ীরা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ফরিদপুর নিউ মার্কেট-চকবাজার এলাকা থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের দাবিতে আধাবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ডিসি-এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

এর আগে সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের নিউমার্কেট ও চকবাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়। পরে ব্যবসায়ীরা ডিসি-এসপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেন।

স্মারলিপিতে বলা হয়, ফরিদপুর সরকারি তিতুমীর বাজার জেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। ওই বাজারে প্রতিদিন হাজার হাজার ক্রেতা-সাধারণ যাতায়াত করেন। কিন্তু শহরের বেইলি ব্রিজ থেকে জনতা ব্যাংকের মোড় হয়ে নিউ মার্কেটের ২ নম্বর গেইট ফলপট্টি থানা রোডসহ ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।  

এতে ব্যবসায়ীদের পণ্য ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

ফুটপাত দখল হওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। 

যাতায়াতকালে চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন নারীরা। 

ফুটপাতের অবৈধ দোকানের কারণে জনসাধারণ ও ক্রেতাদের চলাচলের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৈধ দোকানের  সাধারণ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ দোকান, হকার, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

পরে ব্যবসায়ীরা প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।