চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে লঞ্চের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে লঞ্চটির দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।
নিখোঁজ ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে নৌ-পুলিশ। আটক দুইজন এমভি মুকবিল-২ লঞ্চের কর্মচারী।
পুলিশ জানায়, দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি মুকবিল-২ ষাটনল লঞ্চঘাটে এসে ভেড়ে। এ সময় লঞ্চ থেকে যাত্রীরা নামছিলেন। ওই যুবকও লঞ্চ থেকে নামেন।
ঘাটে নামার পর তার মনে পড়ে, লঞ্চের ভেতরে ব্যাগ ফেলে এসেছেন। পরে ব্যাগ আনতে তিনি আবার লঞ্চে ওঠেন। ব্যাগ নিয়ে দ্বিতীয়বার লঞ্চ থেকে নামার সময় ঘটে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যুবকটি নামার প্রস্তুতি নেওয়ার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে। এ সময় তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে নদীতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি মোহনপুর ঘাটের দিকে চলে যায়। পরে লঞ্চের দুই কর্মচারীকে আটক করে নৌ পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সৈকত বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ষাটনল লঞ্চঘাটে আগে এ ধরনের ঘটনা ঘটেনি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন বলেন, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
