স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
গাজীপুরের শ্রীপুরে ঘরের তালা ভেঙে কিশোরী বধূর লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ জানিয়ে পালিয়ে গেছেন স্বামী।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার একটি ঘরের তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।
নিহত ঝর্ণা আক্তার (১৬) ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে।
ঝর্ণার বাবা বলেন, দুই বছর আগে পরিবারের অমতে অপু নামের এক যুবককে বিয়ে করেন ঝর্ণা। এরপর পর থেকে ঝর্ণার সঙ্গে বাবার বাড়ির পরিবারের কোনো সম্পর্ক ছিল না। স্বামীকে নিয়ে বাড়ির পাশে মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকত সে। ঝর্ণার স্বামী ‘তাকওয়া পরিবহনে’ চালক ছিলেন।
বাড়ির মালিক লাভলী আক্তার বলেন, “শনিবার সন্ধ্যায় প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে অপু বলেন, ‘ঝর্ণাকে হত্যা করা হয়েছে, দ্রুত লাশ উদ্ধার করেন।’ তানিয়া সাথে সাথে ঘটনাটি আমাদের জানান। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।”
ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘরের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
