২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ অভিযান: হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও ২ এসি ল্যান্ডের কারাদণ্ড

আইনজীবী বলেন, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ আসামিদের অনুপস্থিতিতে তাদের এক মাসের কারাদণ্ড দেন বলে বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি থাকার পরেও ওই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের জায়গায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তার ঘর ভেঙে বেদখল করা হয়। 

এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ২০০৮ সালের ১০ অগাস্ট হবিগঞ্জের সাবেক চার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন।

আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস বলেন, ১৭ বছর পর আদালত এই মামলার রায় দিয়েছে। রায়ে বাদীকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত।