২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল শিশুর লাশ

পুলিশ জানায়, নিহত জিহাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 04:40 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভবনের পাশের জঙ্গল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া তেতুলতলা এলাকায় লাশটি পাওয়া যায় বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান। 

নিহত শিশু জিহাদ হোসেন ওই উপজেলার মুর্শিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, “শুক্রবার বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। 

“অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাতেই ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

মোহাম্মদ শুভ বলেন, “রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফ প্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। পরে শনিবার সকালে ওই গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদের মরদেহ পাওয়া যায়।”

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”