কুড়িগ্রামে ১৭ বছর ধরে ভাঙা সেতু, দুর্ভোগে মানুষ
সরকারি উদ্যোগ না থাকায় ভাঙা ডুবুরির খাল সেতুর ওপর কাঠের পাটাতন বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি সেতু ১৭ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে।
এতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলাপাড় থেকে কচুয়ারপাড়-মাদাইখাল সংযোগ সড়ক ব্যবহারকারী কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছেন।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিসাত বলেন, মানুষের দুর্ভোগ কমাতে দুটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।
স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগ না থাকায় ভাঙা ডুবুরির খাল সেতুর ওপর কাঠের পাটাতন বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে একই স্থানে দুটি সেতু নির্মাণ করা হলেও নিম্নমানের কাজের কারণে সেগুলো বন্যায় ভেঙে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালে নির্মিত সর্বশেষ সেতুটি ২০০৮ সালের বন্যায় ভেঙে পড়ে। এরপর আর নতুন সেতু নির্মাণ করা হয়নি। ফলে বর্ষাকালে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী হাসেম আলী বলেন, “সেতু দিয়ে ঠিকমত হাঁটাও যায় না। অসুস্থ রোগী, গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। সেতু দিয়ে অটো চলতেও পারে না। প্রয়োজনীয় কাঁচামাল, সার, ধানচাল পরিবহনে আমাদের খুবই সমস্যা হচ্ছে।”
কৃষক রমেশ চন্দ্র বলেন, বর্ষায় কাঠের পাটাতন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কোনো সময় উল্টে যেতে পারে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতু পার হয়ে স্কুলে যায়।
ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু বলেন, অনেক দিন ধরে এ এলাকার মানুষ দুর্ভোগে রয়েছে। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও পরে তা ভুলে যায়। সংসদ সদস্যও কোনো উদ্যোগ নেয়নি।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, ২০০৬ সালে নির্মিত সেতুটা নিম্নমানের কাজের কারণে বন্যায় ভেঙে পড়ে। এখানে একটি গার্ডার সেতু প্রয়োজন। নতুন সেতু হলে জামতলা ও কচুয়ারপাড় এলাকার মানুষের দুর্ভোগ কমবে।
এই এলাকার ইউপি সদস্য আবুল হোসেন বলেন, “মানুষের গালি খেতে খেতে জীবন শেষ। গত অর্থবছরে এডিবির দুই লাখ টাকা বরাদ্দে প্রায় ৮০ ফুট লম্বা কাঠের সেতু করা হয়েছে। অস্থায়ী কাঠের সেতু দিয়ে কোনোভাবে চলাচল করা গেলেও যানবাহন চলতে পারে না। এখানে স্থায়ী বড় সেতু দরকার।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ভাঙা ডুবুরির খালটি গভীর ও প্রশস্ত হওয়ায় আগের সেতুটি টেকেনি। নতুন সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে পাইলিংসহ বড় ধরনের স্থায়ী সেতু লাগবে। কিন্তু ত্রাণ বিভাগ ছোট ছোট সেতুর কাজ করে। ফলে মন্ত্রণালয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করা সম্ভব নয়।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, ২০১৭ সালে এ সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এলজিইডি থেকে ৬০ মিটার দীর্ঘ পাইলিংসহ সেতু নির্মাণের প্রকল্প পাঠানো হয়েছে প্রায় দুই বছর আগে। এতে ছয় কোটি টাকা লাগবে। এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা যাবে।
