সোমেশ্বরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস
শেরপুরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ভাঙন আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভোরে উপজেলার সীমান্তবর্তী রাঙ্গাজান গ্রামে এ অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
ইউএনও শেখ জাবের আহমেদ জানান, ভারত থেকে বয়ে আসা পাহাড়ি এই নদী থেকে কাউকেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কাউকে আটক করা না গেলেও সেখানে পাওয়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জনসম্মুখে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
এ সময় শ্রীবরদী থানার এসআই জালাল উদ্দিন ও এসআই রাসেল এবং উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
৫ অক্টোবরের পর থেকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া ও রাঙ্গাজান পাহাড়ি গ্রামের সোমেশ্বরী নদীতে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র।
অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদী পাড়ের বাসিন্দা ও ফসলি জমির মালিকরা ভাঙন আতঙ্কে আছেন।
