১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবির ভর্তি পরীক্ষার আরও তিন ইউনিটের ফল প্রকাশ

ইউনিটগুলো হচ্ছে- ‘বি’, ‘সি’ ও ‘সি-১’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 05:35 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আরও তিনটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

ইউনিটগুলো হচ্ছে- ‘বি’, ‘সি’ ও ‘সি-১’।এরই মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার সব ইউনিট ও ইনস্টিটিউটের ফল প্রকাশ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগেও এক সঙ্গে তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছিল।

‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং 'সি-১' ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

তবে 'সি-১' ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে বলা হয়েছে। 

আর চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কলা ও মানবিকী অনুষদের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে আসার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবেন।

সব ইউনিট ও ইনস্টিটিউটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।