২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ১২

“হামলাকারীরা প্রায় এক ঘণ্টা ২০ থেকে ২৫টি গাড়ি থামিয়ে ডাকাতি করে,” বলেন ভুক্তভোগী ওয়াজিদ মিয়া।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 12:50 PM

মৌলভীবাজারে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পিকআপ, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের যাত্রী-চালক রয়েছেন।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ওয়াজিদ মিয়া বলেন, ঘটনাটি ঘটে লাউয়াছড়া বনের ভেতরে;  বাগরাবাড়ী এলাকায়। রাত ৯টার দিকে সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন মুখোশ পরা ব্যক্তি হামলা চালায়।

“তারা প্রায় এক ঘণ্টা  ঘণ্টা ২০ থেকে ২৫টি সিএনজি অটো রিকশা, প্রাইভেট কার ও পিকআপ থামিয়ে ডাকাতি করে। তারা গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়।”

ডাকাতদের হামলায় আহতদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম, ওয়াজিদ মিয়া, অপু দাস, মেরাজ মিয়া,সুমিত আলী, নিবাস পাল,সালেক মিয়া ও তাহমিদ। 

আহত ব্যক্তিরা বলছেন, রাত ১০টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। 

ডাকাতির শিকার হওয়া শ্রীমঙ্গল উপজেলার অপু দাস বলেন, “আমরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। প্রাইভেট কারটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বাগড়াবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাত দল গাছ ফেলে পথ আটকায়। এরপর ধারালো  অস্ত্রের মুখে মালামাল নিয়ে যায়।”

তিনি বলেন, ডাকাতদের সংখ্যা ১৫-২০ জনের নিচে নয়। তাদের অধিকাংশই মুখোশ পরা ছিল; হাতে ছিল দা। 

ষষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে ডাকাতরা তার টাকা ও মুঠোফোন লুট করেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান বলেন, “আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের মধ্যে আটজনকে মৌলভীবাজার  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।”