২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার আসরে পুলিশের ধাওয়া, পরদিন মিলল সাবেক বিজিবি সদস্যের লাশ

একদিন আগে গোপালগঞ্জে জুয়ার আসরে পুলিশের ধাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান স্বজনরা।

জুয়ার আসরে পুলিশের ধাওয়া, পরদিন মিলল সাবেক বিজিবি সদস্যের লাশ
গোপালগঞ্জ সদরে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের পরদিন সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার কলপুর গ্রামের একটি বিলের পুকুরপাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান।

মৃত হাফিজুর রহমান রিপন (৪৫) উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর মধ্যপাড়া এলাকার মো. আকরাম মোল্লার ছেলে। তিনি বিজিবির সাবেক সদস্য ছিলেন। 

ওসি সাজেদুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কলপুর গ্রামের একটি খালপাড়ে জুয়ার আসর বসে; যেখানে রিপনও অংশ নেন। গোপন খবর পেয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে হানা দেয়। এ সময় রিপনসহ ১০ থেকে ১৫ জন ছোটাছুটি করে পালিয়ে যান।

তবে রাতে রিপন বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। সকালে বিলের পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাজেদুর রহমান।

তিনি বলেন, পুলিশের তাড়া খেয়ে রিপন স্ট্রোক করে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।