Published : 23 Oct 2025, 01:53 AM
‘আধিপত্য নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে।
এছাড়া সংঘর্ষের জেরে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে কুমিল্লা-সিলেট মহাসড়কে।
বুধবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সংঘর্ষের এক পক্ষে ছিলেন ‘উকিল গোষ্ঠীর’ লোকজন; আরেকপক্ষে ছিলেন ‘আজিজের গোষ্ঠীর’ লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, আধিপত্য নিয়ে ‘আজিজের গোষ্ঠী’ ও ‘উকিল গোষ্ঠীর’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়।
ওসি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংঘর্ষে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়া জানান, দুই-তিন দিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে উকিলের গোষ্ঠীর সাদ্দাম হোসেনের সঙ্গে আজিজের গোষ্ঠীর আক্তার মিয়ার বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর রেশ ধরে বুধবার রাতে মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। সংঘর্ষের ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে ৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।