সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: ফখরুল
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব।
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। সেইসঙ্গে সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে।”
সোমবার রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে ফখরুল ইসলাম বলেন, “যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি-না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।”
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। পরে তিনি রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
