Published : 30 Aug 2026, 06:19 PM
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকের টাকা দিতে দেরি হওয়ায় এক ব্যক্তিকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে অভিযোগ উঠেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী আব্দুর রহিম ভূইয়া উপজেলার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আব্দুর রহিম নিজ ঘরে ভাত খেতে বসেছিলেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করেন তিনি।
এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মোস্তফা কিছুদিন আগে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি মাঝেমধ্যেই বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন।
বেকড়া-আটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, “মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।”
নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, বাবাকে হত্যার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তার ভাইকে আসামি করে থানায় মামলা করেছেন।