২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে চরভদ্রাসন থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল।

ফরিদপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
নিহত হাসিবুল হাসান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 12:13 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ফরিদপুর চরভদ্রাসনে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা নেওয়ার পথে ওই তরুণের মৃত্যু হয় বলে জানিয়েছেন চরভদ্রাসন থানার ওসি আব্দুল গাফ্ফার। 

নিহত হাসিবুল হাসান (২০) ওরফে আশরাফুল মণ্ডল বিএস ডাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে ও চরভদ্রাসন সরকারি কলেজের  উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।  

এ ঘটনায় আহত দুজনকেই প্রাথমিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে চরভদ্রাসন থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। 

এ সময় একটি অন্যটির সঙ্গে লেগে গেলে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নিহতের বন্ধু নওশাদ আহম্মেদ বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য দুপুরে আশরাফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

কিন্তু পথে ঢাকার পল্টন এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই আশরাফুল মারা যান।

ওসি আব্দুল গাফ্ফার বলেন, নিহতের পরিবারের কেউ এই বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।