২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুই যানে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২, আহত ৩০

নিহত দুজন বাসের যাত্রী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান।

নিহতরা হলেন- জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দু'জনই বাসের যাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে শেরপুরের নালিতাবাড়ি গামী একটি বাস ভরাডোবা এলাকা ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হয়। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে এক বৃদ্ধের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস জব্দ করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ৫-৬ অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী বলেন, এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। নিহত দুজন বাসের যাত্রী। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।