গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক যুগ্ম জেলা জজ নিহত
ওসি বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাবেক এক যুগ্ম জেলা জজ নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।
নিহত আব্দুল আউয়াল সরকার (৫৬) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে।
কর্মজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে তিনি গাইবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
