রংপুরে ছাত্রীর ঝুলন্ত লাশ, পাশে মিলল চিরকুট
ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করতেন মিমতাজ।
রংপুর নগরীতে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর পূর্ব শালবন এলাকার একটি ছাত্রী নিবাসের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের।
নিহত মিমতাজ খাতুন (২১) রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামে। তিনি মোহাম্মদ আলীর মেয়ে।
পুলিশ জানায়, পূর্ব শালবনের ওই ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করতেন মিমতাজ। দুপুরে তার কোনো সাড়া না পেয়ে সহপাঠীরা ডাকাডাকি করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মিমতাজের লাশ উদ্ধার করে।
ওসি নাজমুল কাদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত এর বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
